কুণাল-স্বস্তিকার সংঘাতের বরফ কি গলল! ‘দিদি নম্বর ১’-এ এল বড় চমক

বার্তা ডেস্কঃ

আরজি কর কাণ্ডের সময় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের অরাজনৈতিক প্রতিবাদ এবং তাঁর ছবি ‘টেক্কা’-র প্রমোশন নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ‘উৎসবে ফিরব না, অথচ পোস্টারে ফিরব’—এমন মন্তব্য করে অভিনেত্রীকে দ্বিচারিতার অভিযোগে বিঁধেছিলেন তিনি। জবাবে সিনেমা প্রচারের কৌশল নিয়ে পাল্টা সুর চড়িয়েছিলেন স্বস্তিকাও, যা নিয়ে তৎকালীন সময়ে বিনোদন ও রাজনৈতিক মহলে তুমুল জলঘোলা হয়। তবে সময় গড়াতেই বদলে গেল সেই পুরনো সংঘাতের চিত্রনাট্য। অতীতের সমস্ত মতভেদ ও রাজনৈতিক তিক্ততা ভুলে ‘দাদাগিরি’-র মঞ্চে আচমকাই একই ফ্রেমে ধরা দিলেন কুণাল ঘোষ ও স্বস্তিকা মুখোপাধ্যায়।

সম্প্রতি ‘দাদাগিরি সিজন ১১’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সেখানে নতুন ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা স্বস্তিকার সঙ্গে হাসিমুখে ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। কুণাল সেখানে লেখেন, অন্য ইস্যুতে মতের মিল বা অমিল বিবেচ্য নয়, স্বস্তিকা মেধাযুক্ত ও বুদ্ধিদীপ্ত অভিনয়ে অন্যতম সেরা। একই সঙ্গে সকলকে স্বস্তিকার পরিচালিত ‘দিদি নম্বর ১’ দেখারও বিনীত অনুরোধ জানান তিনি। কুণাল ঘোষের মুখে অভিনেত্রীর এই ভূয়সী প্রশংসা ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখে নেটিজেনদের একাংশ বলছেন, পুরনো মান-অভিমান ভুলে শেষমেশ বরফ গলেছে উভয়ের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *