সশস্ত্র নকশালের বিদায়, এবার কি ‘দিমাগি নকশাল’ ঠেকানোই আসল চ্যালেঞ্জ?
বার্তা ডেস্কঃ
স্বাধীন ভারতের ৮০তম বর্ষ উদ্যাপনে লালকেল্লার মঞ্চ থেকে মাওবাদীদের বিরুদ্ধে অত্যন্ত কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, চার দশক ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্দুকের জোরে রক্তপাত ঘটিয়ে মাওবাদ ও নকশালবাদ লাখ লাখ তরুণ-তরুণীর স্বপ্ন নষ্ট করেছে এবং সাড়ে তিন হাজারের বেশি নিরাপত্তারক্ষীর প্রাণ কেড়ে নিয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর অবিরাম অভিযানে সশস্ত্র মাওবাদীদের সংখ্যা ও প্রভাব এখন তলানিতে ঠেকেছে এবং তাঁরা তাঁদের শেষ প্রহর গুনছেন।
সশস্ত্র মাওবাদীদের পতন ঘটলেও দেশজুড়ে লুকিয়ে থাকা ‘দিমাগি নকশাল’ বা মাওবাদ মনোভাবাপন্নদের নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই চিন্তাধারার মানুষেরা সমাজে অশান্তি সৃষ্টি করতে চাইছে এবং তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নের ধারা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই দেশের বৃহত্তর স্বার্থে এই সমস্ত ‘দিমাগি নকশাল’দের অবিলম্বে চিহ্নিত করে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার স্পষ্ট আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী।