কলকাতায় ফের নার্সের রহস্যমৃত্যু, ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্য!
বার্তা ডেস্কঃ
আর জি কর কাণ্ডের স্মৃতির মাঝেই এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত নার্স রূপালি বর্মনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে নতুন করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীরোগ বিভাগের শৌচাগার থেকে দরজা ভেঙে তাঁর অচৈতন্য দেহ উদ্ধারের পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকরা ইঙ্গিত দিয়েছেন যে, অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগ ও শ্বাাসপ্রশ্বাস বন্ধ হওয়ার কারণেই এই করুণ পরিণতি। যার ফলে তাঁর চোখের সাদা অংশ, নখ ও জিভ নীলচে হয়ে গিয়েছিল। মৃতদেহের দুই কনুইয়ে রহস্যজনক সূচ ফোটানোর দাগ এবং ঘটনাস্থল থেকে অচৈতন্য করার ওষুধ ‘ফেন্টানিল’ ও ‘মিডাজোলাম’-এর খালি ভায়াল উদ্ধারের পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে প্রশ্ন তীব্র হচ্ছে।
ঘটনার জট খুলতে হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের ১২ অগাস্ট সন্ধ্যা থেকে ১৩ অগাস্ট সকাল পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এনআরএস কর্তৃপক্ষ ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধানের নেতৃত্বে ৮ সদস্যের এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে, যাদের আগামী সাত দিনের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনআরএস প্রাঙ্গণে নিরাপত্তা ও রহস্যজনক এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় সবাই।