হ্রদে ভাসছে ‘মৃতদেহ’! জল থেকে তুলতেই যা ঘটল, তাজ্জব পুলিশও!
বার্তা ডেস্কঃ
তেলেঙ্গানার হানামকোন্ডা এলাকায় একটি হ্রদে একটানা প্রায় ৫ ঘণ্টা ধরে ভেসে ছিল এক ‘মৃতদেহ’। এমন দৃশ্য দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন পুলিশে। খবর পেয়ে পুলিশ এসে যখনই লাশটি টেনে পাড়ে তোলার চেষ্টা করে, তখনই ঘটে এক চরম অবিশ্বাস্য ঘটনা!
পুলিশকর্মী হাত ধরে টান দিতেই আচমকা ধড়ফড় করে জীবন্ত উঠে বসেন ওই ব্যক্তি। মুহূর্তে থ বনে যান উপস্থিত সবাই। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বুঝতে পারেন, ভাসমান ব্যক্তিটি মোটেই মৃত নন; বরং প্রচণ্ড গরমে ঠান্ডা জলের আরাম পেয়ে ভেসে ভেসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন!
জানা গেছে, ওই ব্যক্তি স্থানীয় একটি গ্রানাইট খাদানের শ্রমিক। সারাদিনের কাজের পর অতিরিক্ত ক্লান্তি ও গরম থেকে বাঁচতে তিনি হ্রদের জলে নেমেছিলেন। জলের শীতলতায় এতটাই গভীর ঘুমে তলিয়ে যান যে টানা ৫ ঘণ্টা কোনো নড়াচড়া ছাড়া স্থিরভাবে ভেসে থাকেন, যার ফলে স্থানীয়রা তাঁকে মৃত ভেবে ভুল করেন।
সবশেষে সত্য সামনে আসতেই উপস্থিত মানুষ ও পুলিশকর্মীদের মধ্যে হাসির রোল ওঠে। ঘটনাটির একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরাও মজাদার সব মন্তব্য করছেন। কেউ লিখেছেন, “ভারত সত্যিই অদ্ভুত এক জায়গা!”, আবার কেউ রসিকতা করে বলেছেন, “জলে ভেসে ভেসে এই অবিশ্বাস্য ঘুম কীভাবে সম্ভব!”