কাটমানি নেওয়ার অডিও ভাইরাল! বড় পদক্ষেপ নিয়ে অপসারিত ডোমকলের বিডিও

বার্তা ডেস্কঃ

সরকারি প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকে নিয়ম মেনে ‘কাটমানি’ নেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন মুর্শিদাবাদের ডোমকল ব্লকের বিডিও শঙ্খদীপ দাস। সম্প্রতি গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে তাঁর একটি কথোপকথনের অডিও প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে শোনা যায়, উন্নয়নমূলক কাজের বরাদ্দ থেকে কীভাবে সিস্টেম মেনে কমিশন বা টাকা আদায় করতে হবে, সেই বিষয়ে প্রধানকে খোলাখুলি উৎসাহিত করছেন ওই বিডিও। যদিও এই অডিওর সত্যতা যাচাই করা যায়নি।

এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসার পরেই তড়িঘড়ি কড়া পদক্ষেপ করেছে জেলা প্রশাসন। বিতর্কিত বিডিও শঙ্খদীপ দাসকে তাঁর পদ থেকে সরিয়ে বহরমপুর সদর মহকুমা দপ্তরে তৃতীয় অফিসার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি, ডোমকল ব্লকের নতুন বিডিও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ্ত অধিকারীকে। অডিও ফাঁসের জেরে রাজনৈতিক মহলে তৈরি হওয়া চাপের মুখে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *