ডিকশনারি থেকে বাদ পড়ুক ‘ইন্ডিপেন্ডেন্স ডে’! স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর কাছে কী বড় দাবি শান্তনু ঠাকুরের?
বার্তা ডেস্কঃ 
স্বাধীনতা দিবসে ঐতিহাসিক এক প্রস্তাব সামনে এনে জোর জল্পনা তৈরি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শনিবার বনগাঁর ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করার পর তিনি দাবি করেন, অভিধান থেকে ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ শব্দটি চিরতরে বাদ দেওয়া উচিত। ঔপনিবেশিক মানসিকতার প্রতীক এই শব্দটি বহন করার কোনো যুক্তি নেই উল্লেখ করে তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, ব্রিটিশ শাসকদের দেওয়া এই তকমার পরিবর্তে দিনটিকে আনুষ্ঠানিকভাবে ‘স্বরাজ দিবস’ হিসেবে ঘোষণা করা উচিত।
নিজের বক্তব্যের স্বপক্ষে শান্তনু ঠাকুর যুক্তি দেন, ব্রিটিশরা আসার বহু আগে থেকেই ভারত আত্মনির্ভর এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ছিল। তাই কেবল ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার ঘটনাকে ‘স্বাধীনতা’ আখ্যা দেওয়া পরাধীন মানসিকতার পরিচয়। ভারতের গৌরবময় অতীত এবং সার্বভৌম আত্মপরিচয়কে প্রাধান্য দিতেই ‘স্বরাজ দিবস’ পালনের ওপর জোর দেন তিনি। পাশাপাশি, বিশ্বমঞ্চে বর্তমান ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং আত্মনির্ভর ভারতের অগ্রযাত্রার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বাংলার উন্নয়নের নতুন দিকনির্দেশনারও আশাপ্রকাশ করেন।