দিনহাটায় আইএসআই যোগ, এসটিএফের জালে ৩ বাংলাদেশি সিম ও জাল নোট!
বার্তা ডেস্কঃ
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে সন্দেহজনক যোগসাধনের অভিযোগে কোচবিহারের সীমান্তবর্তী দিনহাটা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃত রশিদুল হক, নাসিরুদ্দিন আলি এবং মহম্মদ শফিকুল ইসলাম নামের ওই তিনজনকে শুক্রবার দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সীমান্তবর্তী এই অঞ্চলের নিরাপত্তা বলয় ভেদ করে পাক গোয়েন্দা নেটওয়ার্কের শিকড় কতটা গভীরে ছড়িয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে একাধিক বাংলাদেশি সিম কার্ড এবং প্রচুর পরিমাণে জাল ভারতীয় নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্যে উঠে এসেছে, তাদের মোবাইল নম্বর ব্যবহার করে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হতো এবং রাজস্থান সীমান্ত এলাকাতেও ফোন করা হতো। তবে ধৃতেরা সরাসরি আইএসআই-এর হয়ে কাজ করতেন কি না, কিংবা এই দেশজোড়া আন্তর্জাতিক চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা নিশ্চিত করতে দীর্ঘ জেরা প্রয়োজন বলে মনে করছে এসটিএফ।