রাত নামতেই বদলে গেল কলকাতার রূপ, হাতে নেতাজির ছবি নিয়ে পথে ঋতুপর্ণারা!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে মধ্যরাতের রাজপথে স্বাধীনতার এক নতুন বার্তা দিল তিলোত্তমা। দ্য ওয়ালের উদ্যোগে আয়োজিত ‘মাই সিটি, মাই রাইড, ওয়াক বিয়ন্ড মিডনাইট’ ওয়াকাথনে রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত পা মেলালেন আট থেকে আশি বয়সের অসংখ্য নারী। শহর যে শুধু পুরুষদের নয়, গভীর রাতেও প্রতিটি রাস্তায় মহিলাদের নিরাপদে পথ চলার সমান অধিকার রয়েছে— এই বার্তা নিয়েই আয়োজিত হয় বিশেষ পদযাত্রা। হাতে জাতীয় পতাকা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ইমন চক্রবর্তী, জয়া এহসান, ইন্দ্রাণী হালদার এবং মন্ত্রী অগ্নিমিত্রা পালসহ বহু বিশিষ্টজন এই প্রতিবাদী ও আত্মবিশ্বাসের মিছিলে শামিল হন। সার্বিক সুরক্ষায় পাশে ছিল কলকাতা পুলিশ ও দুর্গা বাহিনী।
হাঁটার ফাঁকেই দেশাত্মবোধক গান ও ‘কারার ওই লৌহ কপাট’-এর সুর ছড়িয়ে পড়ে রাজপথ জুড়ে। ঋতুপর্ণা সেনগুপ্ত এই উদ্যোগকে নিজের নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে শিশুদের ওপর নির্যাতন ও নারীদের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই জারি রাখার আহ্বান জানান। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, নারীদের সদিচ্ছা থাকলে কোনো কিছুই আসাম্ভব নয়। সংহতি, দেশপ্রেম আর সুরক্ষার যৌথ এই দাবি কেবল একটি ওয়াকাথন নয়, বরং কলকাতার বুখে নারীদের মুক্ত আকাশের অধিকার প্রতিষ্ঠার এক শক্তিশালী উদযাপন হয়ে উঠল।