না ফেরার দেশে কিংবদন্তি পরিচালক রাজা সেন!

বার্তা ডেস্কঃ

বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে প্রয়াত হলেন বর্ষীয়ান পরিচালক রাজা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্র মহলে।

‘দামু’ ও ‘আত্মীয় স্বজন’-এর মতো কালজয়ী চলচ্চিত্র এবং রবীন্দ্রসাহিত্যের ওপর ভিত্তি করে তৈরি ‘ল্যাবরেটরি’র মতো কাজের মাধ্যমে তিনি বাংলা সিনেমায় নিজের স্বতন্ত্র স্বাক্ষর রেখেছেন। কর্মজীবনে পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তথ্যচিত্র নির্মাণেও তিনি ছিলেন সমান পারদর্শী; সুচিত্রা মিত্র, তপন সিংহ কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত তাঁর তথ্যচিত্রগুলি আজও অমূল্য সম্পদ। সাহিত্যনির্ভর ধারাবাহিক পরিচালনা ও নতুন প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে তিনি রেখে গেলেন সমৃদ্ধ উত্তরাধিকার। রাজা সেনের এই প্রয়াণ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *