৩.৫৫ কোটি টাকার স্কলারশিপ! মার্কিন মুলুকে তাক লাগিয়ে দিল ১৭ বছরের প্রণব
বার্তা ডেস্কঃ
স্কুলের পাঠ চুকিয়েই দেশের অধিকাংশ শিক্ষার্থীর পাখির চোখ থাকে জয়েন্ট এন্ট্রান্স কিংবা নিট (NEET)-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার এই চেনা ভিড় থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তামিলনাড়ুর ১৭ বছর বয়সী তরুণ প্রণব ইলাঙ্গো। চিরাচরিত ধ্যানধারণার বাইরে গিয়ে পড়াশোনা, নিবিড় গবেষণা এবং সামাজিক দায়বদ্ধতাকে পুঁজি করে তিনি ঠাঁই করে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিশ্বখ্যাত ব্রাউন ইউনিভার্সিটিতে (Brown University)।
শুধু সুযোগ পাওয়াই নয়, নিজের অনন্য মেধা ও যোগ্যতার বলে তিনি লাভ করেছেন প্রায় ৩.৫৫ কোটি টাকা (প্রায় ৩.৫ মিলিয়ন ডলার) মূল্যের একটি সম্পূর্ণ স্কলারশিপ (Full Scholarship)।
ব্যতিক্রমী শিক্ষাজীবন ও সাফল্যের সূচনা তামিলনাড়ুর ইরোডের বাসিন্দা প্রণবের পিতা-মাতা উভয়েই পেশায় শিক্ষক। ছোটবেলা থেকেই পড়াশোনায় ব্যতিক্রমী মেধার পরিচয় দিয়েছেন তিনি। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই সাধারণ সিবিএসই বোর্ড ছেড়ে কেমব্রিজের IGCSE বোর্ডে ভর্তি হন এবং পরবর্তীতে ‘এ-লেভেল’ শেষ করেন। IGCSE-র ৯টি বিষয়ের প্রতিটিতেই সর্বোচ্চ ‘A*’ (A Star) গ্রেড অর্জনের পাশাপাশি এ-লেভেলের ৬টি বিষয়েও দুর্দান্ত সাফল্য পান তিনি।
উল্লেখ্য, অষ্টম শ্রেণী থেকে প্রণব যুক্ত হন ‘ডেক্সটেরিটি গ্লোবাল’ (Dexterity Global)-এর মেন্টরশিপ প্রোগ্রামে। এই প্ল্যাটফর্মটি তাঁকে একাডেমিক উন্নতির পাশাপাশি ব্যক্তিত্বের বিকাশ, বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং সমাজসেবামূলক কাজে দিকনির্দেশনা প্রদান করে।
গণিত থেকে ক্যানসার সচেতনতা: সমাজসেবায় অনন্য উদ্যোগ ছোট থেকেই গণিত ও পরিসংখ্যানের প্রতি ভালোবাসা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে জনস্বাস্থ্য (Public Health) নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন প্রণব। একাদশ শ্রেণীতে পড়ার সময় এক বন্ধুর সঙ্গে যৌথভাবে শুরু করেন ‘তামিলনাড়ু ক্যানসার পরিসংখ্যান প্রকল্প’। ক্যানসার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রাহ করে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জন্য একটি বিশেষ ওয়েবসাইটে তা প্রকাশ করেন।
কেবল ডেটা সংগ্রহের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি প্রণব। ইরোড ও কোয়েম্বাটুরসহ বিভিন্ন এলাকায় নিজে গিয়ে ক্যানসার সচেতনতা অভিযান চালান। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় হলে যে জীবন বাঁচানো সম্ভব—সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তামিল ভাষায় লিফলেটও বিতরণ করেন তিনি।
দাবার বোর্ডে আন্তর্জাতিক প্রতিনিধিত্ব প্রণবের প্রতিভা কেবল বইয়ের পাতায় বা গবেষণাতেই সীমাবদ্ধ নয়, খেলাধুলাতেও তিনি সমান পারদর্শী। আন্তর্জাতিক দাবার গভর্নিং বডি FIDE-তে তাঁর রেটিং প্রায় ১৮০০। দাবার বোর্ডে অসাধারণ দক্ষতার দরুন তিনি ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা ব্রাউন ইউনিভার্সিটির বিখ্যাত ‘ওপেন কারিকুলাম’-এর অধীনে প্রণব ফলিত গণিত (Applied Mathematics) ও জনস্বাস্থ্য (Public Health) বিষয় দুটি নিয়ে যৌথভাবে পড়াশোনা করবেন। তবে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করলেও তাঁর মূল লক্ষ্য ভারতে ফিরে আসা। বিদেশের লব্ধ জ্ঞান ও গবেষণার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে অবদান রাখতে চান এই উদীয়মান ভারতীয় তারকা।