২০২৯-এর লক্ষ্যে রাম মাধবের প্রত্যাবর্তন, বিজেপির নয়া চাল কী!

বার্তা ডেস্কঃ

২০২৪-এর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর ২০২৯-এর মেগা লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। সোমবার দলের সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল ঘটিয়ে চমক দিয়েছে গেরুয়া শিবির। এতে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রাক্তন প্রচারক রাম মাধবের জমকালো প্রত্যাবর্তন। দীর্ঘ ৬ বছর পর তাঁকে বিজেপির জাতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। ২০১৪ সালে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে উত্তর-পূর্ব ভারত ও জম্মু-কাশ্মীরে দলের সাংগঠনিক বিস্তারে এবং বিজেপি-পিডিপি জোট সরকার গঠনে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। ২০২০ সালে নাড্ডার কমিটিতে বাদ পড়ার পর তিনি সংঘে ফিরে গিয়েছিলেন। তবে সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ উদ্যোগেই তাঁর এই দ্বিতীয় ইনিংস শুরু হলো।

রাম মাধবের পাশাপাশি সুনীল বনসলের মতো সংঘ ঘনিষ্ঠ নেতাদের পদে বহাল রেখে বিজেপি স্পষ্ট বার্তা দিয়েছে যে, আগামী দিনের নির্বাচনে তারা কেবল ব্যক্তিকেন্দ্রিক জনপ্রিয়তার ওপর নির্ভর করতে নারাজ। উত্তরপ্রদেশ ও বাংলায় বিজেপির ভিত্তি শক্ত করা বনসল ও রাম মাধবদের মতো সাংগঠনিক চালকদের ফের সামনে এনে আরএসএস-এর জনসংযোগ শক্তি ও অভিজ্ঞতাকে পূর্ণমাত্রায় কাজে লাগাতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সংঘের শিকড়কে সঙ্গে নিয়েই দিল্লির গদি ধরে রাখার মোক্ষম ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শক্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *