ব্যক্তিপুজোকে বিদায়! মমতার পরিবর্তে ব্যানারে কি থাকছেন নেতাজি-ক্ষুদিরাম?
বার্তা ডেস্কঃ
আসন্ন ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শিবিরের প্রতিষ্ঠা দিবসের ব্যানারে বড় ধরনের বদল আসতে চলেছে। দলীয় সূত্রে খবর, চিরাচরিত প্রথার বাইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পরিবর্তে নেতাজি সুভাষচন্দ্র বসু ও ক্ষুদিরাম বসুর মতো জাতীয় বীরদের ছবি রাখার চিন্তা ভাবনা চলছে। মূলত ব্যক্তিপুজোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন বার্তা দিতেই এই পদক্ষেপ করতে চলেছে ঋতশিবির।
আজ সোমবার মেট্রোপলিটন তৃণমূল ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন এই শিবিরের নেতারা। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান কোথায় হবে এবং ব্যানারে চূড়ান্তভাবে কাদের ছবি রাখা হবে, সে বিষয়ে এদিনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২১ জুলাইয়ের আদলে গান্ধীমূর্তির পাদদেশে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও তা নির্ভর করছে পুলিশের অনুমতির ওপর। পাশাপাশি, আজই বিকেলে এক সাংবাদিক বৈঠকে ঋতপন্থী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে।