কলকাতায় পাক যোগ! ভুয়ো নথি তৈরির অভিযোগে ফের গ্রেপ্তার আরও এক এজেন্ট

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের রেশ কাটতে না কাটতেই এসটিএফের জালে আরও এক পাক যোগসাজশকারী। পাকিস্তানি আইএসআই এজেন্ট রানা রউফকে ভারতে ভুয়ো পরিচয়পত্র ও নথি তৈরি করে দেওয়ার অভিযোগে তোপসিয়া থেকে ইমরান হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গত রবিবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার বারাসাত আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ইমরানই কলকাতায় পাক গুপ্তচর রানাকে স্বাগত জানিয়েছিল এবং কসবায় তাঁর ভুয়ো ভোটার কার্ডসহ বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছিল।

উল্লেখ্য, গত ১২ আগস্ট উত্তর ২৪ পরগনার হাবরা থেকে কাঠমিস্ত্রির ছদ্মবেশে থাকা পাকিস্তানি নাগরিক রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। গোয়েন্দাদের দাবি, পশ্চিমবঙ্গে স্লিপার সেল তৈরি এবং ভারতীয় সেনাঘাঁটি ও ফোর্ট উইলিয়ামের সংবেদনশীল তথ্য জোগাড়ের ছক কষেছিল সে। রানার সহযোগী মোহাম্মদ এজাজকে আগেই গ্রেপ্তার করা হলেও, পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল তাদের। রানার মোবাইল নষ্ট করে ফেলা এবং সীমান্তের ওপারে সহযোগীদের হদিশ পেতে ধৃত ইমরানকে জেরা করে বড় কোনো তথ্যের খোঁজে রয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *