ল্যান্সডাউন বাজারে বেআইনি দখল! দুদিনের মধ্যে খালি করার কড়া আল্টিমেটাম দিলেন মন্ত্রী!

বার্তা ডেস্কঃ

রবিবার সকালে হঠাৎই কলকাতার ল্যান্সডাউন বাজারে আচমকা পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ভবানীপুর থানা ও পুরসভার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি বাজারের প্রতিটি দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষের কাছ থেকে রাস্তা ও ফুটপাত জবরদখলের বহু অভিযোগ পাওয়ার পরই এই গুরুত্বপূর্ণ সারপ্রাইজ ভিজিট করেন মন্ত্রী। ফুটপাথ দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা এবং বাজারের চরম অনিয়মের চিত্র দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিস্থিতি খতিয়ে দেখে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের অন্যান্য অংশের মতো ল্যান্সডাউন বাজারেও কোনোভাবেই বেআইনি জবরদখল বরদাস্ত করা হবে না। রাস্তা ও ফুটপাথের দুই-তৃতীয়াংশ জায়গা অবিলম্বে খালি করার জন্য দোকানদারদের কঠোর ভাষায় দুদিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি। পাশাপাশি, পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সমস্ত অবৈধ দখল হঠাতে। উল্লেখ্য, সরকার গঠনের পর থেকেই ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে এই ধরনের ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *