কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে দিশেহারা যাত্রীরা!
বার্তা ডেস্কঃ
মঙ্গলবার ভোর চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বিল্ডিংয়ের তিনতলায় হঠাৎই আগুন লেগে যায়। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় কর্তব্যরত কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুহূর্তের মধ্যে বিমানবন্দরে থাকা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও দু’টি ইঞ্জিন পাঠাতে হয়। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড়সড় কোনো ক্ষয়ক্ষতি বা বিপদের হাত থেকে বিমানবন্দর রক্ষা পায়।
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে বিমানবন্দরজুড়ে ডেকোরেশনের কাজে ব্যবহৃত টুনি লাইট থেকেই কোনোভাবে শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উল্লেখ্য, এই এটিসি বিল্ডিংয়ের আট তলা থেকেই শহরের সমস্ত বিমান ওঠানামা ও উড্ডয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ গতিপথ নিয়ন্ত্রিত হয়। ফলে ভোররাতের এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান পরিষেবা ব্যাহত হওয়ার সাময়িক আশঙ্কা তৈরি হলেও, সময়মতো পরিস্থিতি সামাল দেওয়ায় শেষ পর্যন্ত বড় কোনো বিপর্যয় ঘটেনি।