উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভয়াবহ বিশৃঙ্খলা, ভক্তদের আর্তনাদে স্তব্ধ মন্দির চত্বর!
বার্তা ডেস্কঃ
হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে উজ্জয়িনী মহাকাল মন্দিরে দেখা গেল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। একই দিনে নাগ পঞ্চমী এবং ভগবান শ্রী মহাকালেশ্বরের শোভাযাত্রা থাকায় মন্দির চত্বরে সকাল থেকেই সাড়ে ছ’লাখেরও বেশি ভক্ত সমাগম ঘটে। বিশেষ করে বছরে মাত্র একবার খোলা নাগচন্দ্রেশ্বর মন্দিরের দর্শনের জন্য লাইনে আচমকাই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। হর্ষসিদ্ধি মন্দির মোড়ের কাছে একটি পাওয়ার সাপ্লাই পয়েন্টে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়াতেই লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এই বিশৃঙ্খলায় ব্যারিকেডের চাপে পড়ে বেশ কয়েকজন পুণ্যার্থী জ্ঞান হারান এবং আহত হন। ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত আক্রান্তদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
অন্যদিকে মন্দির কর্তৃপক্ষের তরফে পদপিষ্ট হওয়ার পুরো ঘটনাটিকেই স্রেফ গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, অত্যন্ত ভিড় থাকা সত্ত্বেও ভক্তদের নিরাপত্তার জন্য সমস্ত ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছিল। নিরাপত্তা বলয় ও ব্যারিকেড মজবুত থাকার কারণেই বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। মন্দির কমিটির দাবি, লাইনে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং কোনো পদপিষ্টের ঘটনা ঘটেনি। দর্শনার্থীদের এ জাতীয় ভুয়ো খবরে কান না দিয়ে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড় সামলাতে সঠিক পরিকল্পনার অভাবে একাধিক ভক্ত স্বাস্থ্যের অবনতি ঘটে জখম হয়েছেন।