জনগণনার সেল্ফ এনুমারেশনে রেকর্ড গড়ল বাংলা!
বার্তা ডেস্কঃ
জনগণনার প্রথম পর্বে দেশজুড়ে এক অনন্য নজির সৃষ্টি করল পশ্চিমবঙ্গ। চলতি বছরের ডিজিটাল জনগণনার সেল্ফ এনুমারেশন প্রক্রিয়ায় সারা দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বাংলা। গত ১৫ অগাস্ট পর্যন্ত প্রাপ্ত চূড়ান্ত স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৫৩ লক্ষ ১৩ হাজারের বেশি পরিবার এই স্বেচ্ছায় তথ্য নিবন্ধনের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এর মধ্যে প্রায় ৪৯ লক্ষ ৮৬ হাজার পরিবার সম্পূর্ণভাবে নিজেদের প্রক্রিয়াটি শেষ করেছে। রাজ্যের মালদা ও উত্তর ২৪ পরগনা জেলা এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে।
প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে আয়োজিত এই জনগণনায় নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ১ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত চলা এই সেল্ফ এনুমারেশন প্রক্রিয়ার পর গত ১৬ অগাস্ট থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে মূল তথ্য সংগ্রহের কাজ। যেসব পরিবার নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিজেদের তথ্য জমা দিতে পারেননি, তাঁদের নিজগৃহে গিয়ে সেন্সাস কর্মীরা প্রাথমিক তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করবেন। ডিজিটাল মাধ্যমে এই বিপুল সাড়া বাংলার মানুষের সচেতনতারই এক নতুন প্রমাণ দিল।