২০২৬ দুর্গোৎসবে কুমোরটুলিতে ফিরছে সাবেকি আভিজাত্য!
বার্তা ডেস্কঃ
গত কয়েক বছর ধরে কলকাতার দুর্গাপুজোয় থিম এবং নানা অভিনব পরীক্ষানিরীক্ষার জোয়ার দেখা গেলেও, ২০২৬ সালের দুর্গোৎসবে ছবিটা বেশ কিছুটা আলাদা। কুমোরটুলির মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, এ বছর থিমভিত্তিক প্রতিমার বদলে সাবেকি ও ঐতিহ্যবাহী দুর্গাঠাকুর তৈরির বরাতই সবচেয়ে বেশি আসছে।
‘ফোরাম ফর দুর্গাপূজা’র পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর থেকেই পুজো কমিটিগুলির পছন্দের তালিকায় এই বড় বদল চোখে পড়ছে। আগের মতো খুব বেশি থিম বা জটিল নকশার চেয়ে এবার চিরাচরিত সাবেকি রূপকেই বেশি প্রাধান্য দিচ্ছে ক্লাবগুলি। কুমোরটুলির প্রবীণ ও অভিজ্ঞ শিল্পী শুভময় সিনহা এবং মলয় রায়ের মতে, থিম পুজো একেবারেই বন্ধ হয়ে যায়নি বটে, তবে ঐতিহ্যবাহী প্রতিমার চাহিদা স্পষ্টতই ঊর্ধ্বমুখী। যদিও শিল্পী বাবুন পালের বক্তব্য, শিল্পের খাতিরে এখনও থিম প্রতিমা তৈরি হচ্ছে, তবে পরিমাণের দিক থেকে তা আগের চেয়ে কম।
শুধু পছন্দের পরিবর্তনই নয়, এ বছর কুমোরটুলির কারিগরদের লড়তে হচ্ছে নানা পরিকাঠামোগত সমস্যার বিরুদ্ধেও। ‘কুমোরটুলি মৃৎশিল্পী সাংস্কৃতিক সমিতি’র মতে, রথযাত্রার পর প্রতিমার অর্ডার ভালো এলেও কাঁচামালের চরম সংকটের কারণে সামগ্রিক উৎপাদন কিছুটা কম হতে পারে।
শিল্পীরা জানান, প্রায় দেড় মাস ধরে তীব্র মাটি সংকট চলায় প্রতিমা তৈরির কাজে গতি কমে গিয়েছিল। বর্তমানে মাটি মিললেও তার দাম আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় কারিগরদের খরচ অনেকটাই বেড়ে গেছে। এর ওপর যোগ হয়েছিল বাঁশের সংকট— গঙ্গায় বাঁশ ভেজানোর অনুমতি না থাকায় মজবুত কাঠামো তৈরি করা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। তবে পরবর্তীতে রিভার পুলিশের সহযোগিতায় সেই জটিলতা কাটলেও, ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতিতে বিভিন্ন আর্থিক ও ব্যবহারিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই কাজ চালিয়ে যাচ্ছেন কুমোরটুলির শিল্পীরা।