বাবার স্মৃতিতে নতুন আলো, বাংলায় বিশ্বমানের স্কুল গড়ার স্বপ্ন হাফিজের!
বার্তা ডেস্কঃ
বাঁকুড়ার ইন্দাসের করিশুন্ডা গ্রামে শিক্ষাব্যবস্থার বেহাল দশা দূর করার লড়াইয়ে নেমে চরম মূল্য দিতে হলো এক তরুণকে। এলাকার প্রাথমিক স্কুলের মান উন্নয়নের উদ্যোগ নেওয়ায় দুষ্কৃতীদের নৃশংস হামলার শিকার হন শেখ আবদুল হাফিজ ও তাঁর পরিবার। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়ে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর পঞ্চাশোর্ধ্ব বাবা শেখ মাফিক। এই মর্মান্তিক পিতৃশোকে গোটা এলাকা স্তব্ধ হলেও ভেঙে পড়েননি তরুণ হাফিজ। বরং এই কঠিন পরিস্থিতিতেও নিজের আদর্শ ও শিক্ষার প্রসারের লড়াই থেকে বিন্দুমাত্র সরে দাঁড়াননি তিনি।
সোমবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রতিনিধিরা হাফিজের বাড়িতে গিয়ে সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবি তোলার পরামর্শ দিলেও তা সম্পূর্ণ উড়িয়ে দেন তিনি। উল্টোদিকে দেশজুড়ে শিক্ষার প্রসারে এক অনন্য বার্তা দিয়েছেন এই তরুণ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জোরালো দাবি জানিয়েছেন যে, সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সাহায্য তাঁদের প্রয়োজন নেই; পরিবর্তে বাংলার যেকোনো প্রান্তে তাঁর মৃত বাবার নামে একটি বিশ্বমানের স্কুল গড়ে তোলা হোক, যেখানে দেশের প্রতিটি শিশু বিনামূল্যে মানসম্মত শিক্ষালাভের সুযোগ পাবে।