৬০ দিন পার তবুও ডিল নেই, ট্রাম্পের হুঙ্কারে কি ফের যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য!
বার্তা ডেস্কঃ
আমেরিকা এবং ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তির ৬০ দিন পেরিয়ে গেলেও এখনও কোনও স্থায়ী বা চূড়ান্ত ডিল স্বাক্ষরিত হয়নি। জুনের ওই চুক্তির মূল লক্ষ্য ছিল সংঘর্ষ থামিয়ে বৃহত্তর শান্তির পথ প্রশস্ত করা, তবে পরমাণু কর্মসূচি ও মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের দূরত্ব কাটেনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই সমঝোতার মেয়াদ বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। তাঁর মতে, ইরান চুক্তি করতে চাইলেও যুক্তরাষ্ট্র যে ধরনের কঠোর শর্ত প্রয়োজন বলে মনে করছে, তেহরান তাতে রাজি হচ্ছে না। দেশের মূল লক্ষ্য একটাই, যাতে ইরান কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।
একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও বাণিজ্য পথ নিয়ে নিজের কঠোর অবস্থান বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেছেন যে, জলপথে মাইন পাতার মতো কিছু সমস্যা ইরান তৈরি করতে পারলেও মার্কিন অবরোধ অত্যন্ত সফল হয়েছে এবং প্রণালী এখনও উন্মুক্ত রয়েছে। তবে নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও দুই দেশের মধ্যে কোনও চূড়ান্ত সমঝোতা না হওয়ায় নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছে। মুদ্রাস্ফীতিসহ তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানের সঙ্গে এই বিরোধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।