১ লাখের বাজেটে ২০ কোটির বাজিমাত, স্পাইডার-ম্যানকে টেক্কা দিল এই ছবি!
বার্তা ডেস্কঃ
কোনো জাঁকজমকপূর্ণ প্রচার নেই, ছিল না কোনো ট্রেলার বা প্রি-রিলিজ অনুষ্ঠান। অথচ সেই ছবিই এখন চিনের প্রেক্ষাগৃহে টেক্কা দিচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ কিংবা ‘দ্য ওডিসি’-র মতো বিপুল বাজেটের সিনেমাকে!
কথা হচ্ছে গত ৫ অগস্ট মুক্তি পাওয়া ৮৬ মিনিটের চিনা অ্যানিমেশন ছবি ‘নিউ লাই’ (Niu Lai)-কে নিয়ে, যার বাংলা অর্থ ‘গরু আসছে’। একটি সদ্যোজাত বাছুর এবং এক স্কাইলার্ক পাখির অদ্ভুত রূপকথার মতো সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি। মুক্তির প্রথম ১০ দিনে পুরো দেশজুড়ে ৩০০ জন দর্শকও টিকিট কাটেননি। আয় হয়েছিল মাত্র ৭,৭০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১.০৪ লাখ টাকা)।
কিন্তু রূপকথার আসল মোড় শুরু হয় এর পর! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবির কিছু ক্লিপ। দুর্বল গ্রাফিক্স, কাঁচা হাতের অ্যানিমেশন আর অদ্ভুত ভয়েস অ্যাক্টিং দেখে নেটিজেনরা ব্যঙ্গ-বিদ্রূপে ভরিয়ে দেয়। কেউ বলেন “ছাত্রদের অপেশাদার প্রজেক্ট”, কেউ বা ২০২৬-এর “সবচেয়ে খারাপ ছবি” বলে কটাক্ষ করেন।
কিন্তু অদ্ভুতভাবে, এই নেতিবাচক সমালোচনাই ছবির সবচেয়ে বড় বিজ্ঞাপনে পরিণত হয়! ‘সত্যিই কি ছবিটা এত খারাপ?’—শুধু এই কৌতূহল মেটাতে প্রেক্ষাগৃহে ভিড় জমাতে শুরু করেন দর্শকেরা। চিনের টিকিটিং প্ল্যাটফর্ম Maoyan-এর তথ্য অনুযায়ী, ট্রোল ও কৌতূহলের ওপর ভর করে ছবিটি ইতিমধ্যেই ১৪.৯ মিলিয়ন ইউয়ান (প্রায় ২০ কোটি টাকা) ব্যবসা করে ফেলেছে!
আরও চমকপ্রদ তথ্য হলো, গত ৫ বছর ধরে মাত্র দু’জন মানুষ—শিন ইউমেং এবং সান লিফাং (ধারণা করা হচ্ছে তাঁরা মা ও ছেলে)—ছবিটি তৈরি করেছেন। লেখা, পরিচালনা, প্রযোজনা থেকে শুরু করে ভয়েস ওভার, সব একা হাতেই সামলেছেন তাঁরা। ছবির একমাত্র আকর্ষণ ছিল চিনা কালি-তুলির ঐতিহ্যবাহী আদলে তৈরি চমৎকার একটি পোস্টার। তবে সেই পোস্টারের সৌন্দর্যের সাথে ভেতরের গ্রাফিক্সের আকাশ-পাতাল ফারাক দেখেই দর্শকরা সবচেয়ে বেশি মজা পেয়েছেন।
এমনকি ছবির পরিবেশকও এটি সিনেমা হলে চালাতে চাননি। কিন্তু পরিচালকের সাথে বন্ধুত্বের খাতিরে শেষ পর্যন্ত মুক্তি দেন। আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র যুগে যেখানে নিখুঁত অ্যানিমেশন তৈরি জলভাত, সেখানে এই ‘ত্রুটিপূর্ণ’ ও অপেশাদার ছোঁয়াই এখন দর্শককে আকর্ষণ করছে। সমালোচনা আর ট্রোলকে মূলধন বানিয়ে চিনা বক্স অফিসে ইতিহাস গড়ে দিল একেবারেই অখ্যাত ‘নিউ লাই’!