ফাঁসি নয়, এবার প্রাণঘাতী ইনজেকশন? মৃত্যুদণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের বড় বার্তা!

বার্তা ডেস্কঃ

ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশন, গুলি কিংবা বিদ্যুৎস্পৃষ্ট করার মতো বিকল্প পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের আর্জি আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে, দেশের প্রচলিত ও মান্য বিধি অনুযায়ী ফাঁসির মাধ্যমেই সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে। তবে মৃত্যুদণ্ডের বিকল্প ‘মানবিক’ পদ্ধতির প্রয়োজনীয়তা বা বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেয়নি শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, এই বিষয়ে জোরালো বৈজ্ঞানিক প্রমাণ পেশ করা হলে বা আলোচনা সাপেক্ষে কেন্দ্রীয় সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নিতেই পারে।

সর্বোচ্চ শাস্তিকে আরও কম যন্ত্রণাদায়ক ও সম্মানজনক করার দাবিতে আইনজীবী ঋষি মলহোত্রা এই মামলা দায়ের করেছিলেন। তাঁর যুক্তি ছিল, ফাঁসি কার্যকরে দীর্ঘ সময় নষ্ট হয়, অথচ ইনজেকশন বা গুলিতে দ্রুত শাস্তি নিশ্চিত করা সম্ভব। রাষ্ট্রসংঘের একটি প্রস্তাবের প্রসঙ্গ টেনে তিনি রায় পুনর্বিবেচনার আর্জি জানালেও, শীর্ষ আদালত তা খারিজ করে দেয়। বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে এই মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানোর মতো কোনো বাস্তবসম্মত ভিত্তি বা যৌক্তিকতা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *