বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় চমক! সরকারের দাবিতেই তোলপাড় রাজ্য
বার্তা ডেস্কঃ
রাজ্যের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মামলায় সুপ্রিম কোর্টে এক বিস্ফোরক তথ্য প্রকাশ করল রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ অর্থ ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে, যার পরিমাণ প্রায় ৭,৭০০ কোটি টাকা। এমনকি বাকি অর্থ পরিশোধের প্রক্রিয়াও সক্রিয়ভাবে জারি রয়েছে বলে আদালতে দাবি করে রাজ্য। তবে আদালতের এই শুনানিতেই ডিএ প্রদান সংক্রান্ত পুরো বিষয়টি নিয়ে এক নয়া মোড় তৈরি হয়েছে।
রাজ্যের এই দাবির তীব্র বিরোধিতা করে সরকারি কর্মীদের আইনজীবী করুণা নন্দী ও ফিরদৌস শামিম পাল্টা সওয়াল করেন। তাঁদের অভিযোগ, আদালতের পূর্ব নির্দেশ সত্ত্বেও বাস্তবে এখনও বহু সরকারি কর্মী বকেয়া প্রাপ্য থেকে পুরোপুরি বঞ্চিত রয়েছেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দেয়, যাঁরা এখনও ডিএ পাননি সেই বঞ্চিত কর্মীদের একটি তালিকা জমা দিতে হবে। বুধবার সুপ্রিম কোর্টে এই হাইভোল্টেজ মামলার পরবর্তী শুনানি হতে চলেছে, যেখানে কর্মীদের ভাগ্যে কী মিলবে সেদিকেই রাজ্যবাসীর নজর।