২০২৭-এর মাস্টারপ্ল্যান! বুথ প্রতি ৫ নতুন ভোটার যুক্ত করার মেগা কৌশলে সপা
বার্তা ডেস্কঃ
২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এখন থেকেই ঝাঁপাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি (SP)। বুথ স্তরে দলের সংগঠন শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছাতে বিশেষ নির্দেশনা জারি করেছেন সপা প্রধান অখিলেশ যাদব। দলের পরিকল্পনা অনুযায়ী, বুথ স্তরের এজেন্টদের (BLAs) প্রতিটি পোলিং বুথে অন্তত ৫ জন নতুন ভোটারকে দলের সাথে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজ্যে মোট পোলিং বুথের সংখ্যা প্রায় ১.৭৭ লক্ষ। হিসাব অনুযায়ী, বুথ প্রতি ৫ জন নতুন ভোটার যুক্ত করা গেলে প্রায় ৯ লক্ষ ভোটারকে সরাসরি দলের পক্ষে আনা সম্ভব। তবে সপা নেতাদের মতে, একজন ভোটার যুক্ত হওয়া মানে তার পুরো পরিবারের সমর্থন পাওয়া। গড়ে ৫ সদস্যের পরিবার হিসাব করলে প্রতি বুথে প্রায় ২৫ জন মানুষের সমর্থন নিশ্চিত করা সম্ভব হবে।
এই কৌশলের অংশ হিসেবে বুথ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অখিলেশ যাদব সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছেন। পাশাপাশি বর্তমান সরকারের সময়কালের প্রশ্নপত্র ফাঁস ও রাম মন্দিরের অনুদান সংক্রান্ত বিতর্কিত ইস্যুগুলোকে সামনে আনা হচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করার পর, সেই সাফল্যকে পুঁজি করেই এবার বিধানসভা নির্বাচনে জয়ী হতে চাইছে সমাজবাদী পার্টি।
অন্যদিকে, শাসকদল বিজেপি এই কৌশলকে পাত্তা না দিয়ে জানিয়েছে যে তাদের সাংগঠনিক ভিত্তি যথেষ্ট মজবুত এবং সপা কেবল তাদের কৌশলই অনুকরণ করছে। ভোটার তালিকা যাচাই ও বুথ কমিটি শক্তিশালী করার এই লড়াইয়ে ভোটের আগেই গরম হয়ে উঠেছে উত্তরপ্রদেশের রাজনীতি।