গঙ্গায় জুতো তুলতে গিয়ে তলিয়ে গেলেন যুবক, নবদ্বীপে চাঞ্চল্য!

বার্তা ডেস্কঃ

নৌকায় ওঠার সময় আচমকা জলে পড়ে যায় জুতো। আর সেই জুতো তুলতে গিয়েই সটান গঙ্গায় তলিয়ে মৃত্যু হলো এক তরুণের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নবদ্বীপের মহেশগঞ্জের বিপ্রনগর মণ্ডলপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রবি মণ্ডল। পেশায় তিনি সবজির দোকানের কর্মচারী ছিলেন। মঙ্গলবার দুপুরে তারানপুর থেকে মহেশগঞ্জগামী নৌকায় ওঠার সময় ঘটে এই বিপত্তি। জুতো তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় পড়ে যান তিনি। পরবর্তীতে দীর্ঘ তল্লাশির পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এটি একটি অনভিপ্রেত ও অসাবধানতাজনিত দুর্ঘটনা। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, দুর্ঘটনার সময় রবি মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেই কারণেই ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান। যুবকটি অবিবাহিত ছিলেন এবং তাঁর পিতা-মাতা আগেই মারা গিয়েছেন। ঘটনাটির আসল কারণ এবং নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *