বিনামূল্যে চিকিৎসায় নতুন জীবন, হাওড়ায় সাড়া ফেলল আয়ুষ্মান ভারত!

বার্তা ডেস্কঃ

রাজ্যে আনুষ্ঠানিকভাবে ‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (AB-PMJAY) চালু হওয়ার পরপরই মিলতে শুরু করেছে এর সুফল। এই প্রকল্পের আওতায় হাওড়া জেলায় প্রথম বিনামূল্যে চিকিৎসা পরিষেবা লাভ করলেন নদিয়ার নবদ্বীপের বাসিন্দা, ৬০ বছর বয়সী প্রবীণা লীলা দেবনাথ।

দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভোগা লীলাদেবীর পায়ে সম্প্রতি একটি গুরুতর ক্ষত থেকে জটিল ইনফেকশন ছড়িয়ে পড়ে। তাঁর ছেলের কারখানার সামান্য আয়ে এই ব্যয়বহুল চিকিৎসা করানো আসাম্ভব হয়ে উঠেছিল। পরিবারের সদস্যরা উপায় না পেয়ে আয়ুষ্মান ভারত পোর্টালে সন্ধান চালান এবং উলুবেড়িয়ার ‘সেবাব্রত হাসপাতাল’-এর খোঁজ পান। এরপর মঙ্গলবার তাঁকে সেখানে ভর্তি করানো হয়।

হাসপাতালের চিকিৎসক ডাঃ দেবজিৎ দাস জানান, রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও পায়ের গভীর ইনফেকশন দূর করে তাঁকে সুস্থ করে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে চালু হওয়া এই ক্যাশলেস স্বাস্থ্য বীমা ব্যবস্থার দৌলতে নিখরচায় উন্নত চিকিৎসার সুযোগ পেয়ে লীলাদেবীর পরিবার এখন অনেকটা নিশ্চিন্ত।

উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গসহ দেশজুড়ে হাজার হাজার নথিভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে। এছাড়া, ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ক্যাশলেস সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। রাজ্যের সাধারণ মানুষের কাছে এটি একটি অত্যন্ত ভরসাযোগ্য স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *