কলকাতার ৬টি হল বাতিল, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!
বার্তা ডেস্কঃ
কলকাতায় কর্মসূচি বাতিলের নেপথ্যে শাসকদলের চাপ রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলল ককরোচ জনতা পার্টি। উত্তর কলকাতার ভারত সভা হলসহ পরপর ছ’টি প্রেক্ষাগৃহ শেষ মুহূর্তে অনুমতি বাতিল করায় বিপাকে পড়ে দল। বাধ্য হয়ে মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবের সামনের রাস্তায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলের নেতা আশুতোষ রাঙ্কা। তাঁর অভিযোগ, আলোচনাকে ভয় পায় বলেই এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বরাহনগরের বিধায়ক সজল ঘোষ কটাক্ষ করে জানান, সুস্থ মানসিকতার কেউ আরশোলা বা উইপোকাদের সভায় হল দিতে চায় না, এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই।
এদিকে পশ্চিমবঙ্গে সংগঠনের বিস্তার ঘটিয়ে শিক্ষাব্যবস্থা বদলের আন্দোলন আরও তীব্র করার হুংকার দিয়েছেন রাঙ্কা। দিল্লির পাশাপাশি সম্প্রতি ঝাড়খণ্ডেও তরুণ প্রজন্মের আন্দোলনের জেরে সরকারের পিছু হটার প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দেন, সদ্য গঠিত রাজ্য সরকার যেন ছাত্র-যুবদের দমিয়ে রাখার চেষ্টা না করে। শিক্ষাব্যবস্থার উন্নয়নে সহযোগিতার হাত বাড়ানোর কথা বললেও ভয় দেখালে ভুল হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।