আপনার নামে তোলা সিম কি যাচ্ছে অপরাধীদের হাতে? ঝাড়গ্রামে ফাঁস বিশাল চক্র!
বার্তা ডেস্কঃ
অন্যের ব্যক্তিগত ও গোপন নথি ব্যবহার করে বেআইনিভাবে সিম কার্ড তুলে সাইবার প্রতারকদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লক থেকে দুই ডিস্ট্রিবিউটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম খোকন দত্ত ও মৃণালকান্তি দাস। রাজ্য সাইবার অপরাধ দমন শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাঁকরাইল থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তাঁদের আটক করে। মঙ্গলবার ধৃত দুই অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন এজেন্টের মাধ্যমে সাধারণ মানুষের অজান্তেই তাদের পরিচয়পত্র বা নথি সংগ্রহ করতেন এবং সেই নথির অপব্যবহার করে সিম কার্ড তুলতেন। পরবর্তীতে সেই সক্রিয় সিম কার্ডগুলি সাইবার অপরাধীদের হাতে তুলে দেওয়া হতো, যা ব্যবহার করে গোটা রাজ্যে জালিয়াতির জাল ছড়ানো হতো। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং ঠিক কতগুলি সিম এভাবে তোলা হয়েছে, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।