অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট, কেন্দ্রীয় কর্মীদের বেতন কবে বাড়বে?
বার্তা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বহুল প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন নিয়ে অবশেষে লোকসভায় অবস্থান পরিষ্কার করল কেন্দ্রীয় সরকার। সংসদ সদস্য মান্নালাল রাওয়াতের এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ২০২৫ সালের ৩১ নভেম্বর সরকার এই কমিশন গঠন করেছে। শ্রীমতী জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিশনকে আগামী ১৮ মাসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৩৫.৭৭ লক্ষ অসামরিক কর্মচারী এবং ৩৩.৭৬ লক্ষের বেশি পেনশনভোগী এই কমিশনের সুপারিশের দিকে তাকিয়ে রয়েছেন।
তবে সরকারি কর্মীদের মূল বেতন বৃদ্ধির হার নির্ধারণকারী ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নিয়ে এখনো বিভ্রান্তি বজায় রয়েছে। অর্থ প্রতিমন্ত্রী জানান, কমিশন এখনও তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেয়নি, তাই বেতন সংশোধনের নির্দিষ্ট তারিখ কিংবা ফিটমেন্ট ফ্যাক্টর কোনোটাই চূড়ান্ত করা সম্ভব হয়নি। বাজারে ২.৫৭ বা ৩-এর বেশি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে নানান দাবি ঘুরে বেড়ালেও, কমিশন সুপারিশ জমা না দেওয়া পর্যন্ত এগুলোকে ভিত্তিহীন বলেই মনে করা হচ্ছে। ফলে চূড়ান্ত প্রস্তাব গৃহীত না হওয়া পর্যন্ত কর্মচারীদের যেকোনো ধরনের গুজব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।