AI-171 বিমান দুর্ঘটনা: পাইলটদের এই সিদ্ধান্তে বদলে যাবে তদন্তের মোড়!
বার্তা ডেস্কঃ
আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনার তদন্তে এবার নতুন মোড়। তদন্তের চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার আগেই নিজেদের বক্তব্য জানাতে মুখিয়ে রয়েছে পাইলটদের সংগঠন ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস’ (FIP)। এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)-কে দেওয়া এক চিঠিতে সংগঠনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন সিএস রান্ধাওয়া একটি ব্যক্তিগত শুনানির জোর দাবি জানিয়েছেন। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেলের দেওয়া আশ্বাসের কথা স্মরণ করিয়ে দিয়ে সংগঠনটির স্পষ্ট বক্তব্য, চূড়ান্ত রিপোর্ট পেশ হওয়ার পর প্রযুক্তিগত মতামত দিলে তার আর কোনো গুরুত্ব থাকবে না। তাই ২০২৬ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার আগেই, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে একটি বিশেষ টেকনিক্যাল মিটিংয়ের আয়োজন করা হোক।
তবে পাইলটদের এই সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে যে, স্বাধীন তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা বা প্রভাব ফেলা তাদের উদ্দেশ্য নয়। বরং সিমুলেটর টেস্টিং, বিমানের অভ্যন্তরীণ সিস্টেম এবং হিউম্যান ফ্যাক্টরের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য প্রদান করে তারা তদন্তের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে চায়। উল্লেখ্য, ২০২৫ সালের ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরেই এই ভয়াবহ দুর্ঘটনায় ২২৯ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৬০ জনের মর্মান্তিক মৃত্যু হয়। আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) নিয়ম মেনে এবং জনগণের আস্থা বজায় রাখতেই নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য এই বিশেষজ্ঞ মতামতের দাবি তুলেছে সংগঠনটি।