কাজ করতে দিচ্ছেন না বিজেপি কর্মীরা! পঞ্চায়েত প্রধানের বিস্ফোরক অভিযোগ!

বার্তা ডেস্কঃ

বাগদার বয়রা পঞ্চায়েতের প্রধান সুষমা মণ্ডল স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রতি পদক্ষেপে অসহযোগিতা ও নানাভাবে হেনস্থার অভিযোগ এনেছেন। মঙ্গলবার তিনি বনগাঁর মহকুমা শাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর সঙ্গে পঞ্চায়েতের একাধিক তৃণমূল সদস্যও একই অভিযোগ করেছেন। প্রধানের অভিযোগ, এলাকার কিছু বিজেপি নেতা পঞ্চায়েত অফিসে এসে ক্ষমতার অপব্যবহার করছেন এবং প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করছেন। পঞ্চায়েত অফিসকে একপ্রকার দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে বলে দাবি করে তিনি এর প্রতিকার চেয়েছেন।

২৮ আসন বিশিষ্ট বয়রা পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল ১৬টি এবং বিজেপি ৮টি আসনে জয়ী হয়েছিল। পরবর্তীতে অন্যান্য দলের সদস্যরা তৃণমূলে যোগ দেওয়ায় সুষমা দেবী প্রধান হন। এদিকে প্রধানের সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ পালটা দাবি করেছেন যে, তৃণমূল নেতাদের দুর্নীতির হাত থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। মহকুমা প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *