বসিরহাটে দুর্নীতি ও অতিরিক্ত ফিয়ের বিরুদ্ধে ফুঁসছে অভিভাবকরা!
বার্তা ডেস্কঃ
বসিরহাটের ন্যাজাট থানার সড়বেড়িয়া উচ্চ বিদ্যালয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়াল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ অভিভাবকরা। দীর্ঘ তিন ঘণ্টা ধরে চলা এই আন্দোলনের জেরে বিদ্যালয় চত্বরে চরম হট্টগোলের সৃষ্টি হয়, যেখানে প্রধান শিক্ষককে ঘিরে তীব্র স্লোগান দেন অভিভাবকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারী অভিভাবকদের স্পষ্ট অভিযোগ, সরকারিভাবে নির্ধারিত ভর্তি ফির বাইরেও পড়ুয়াদের কাছ থেকে বেআইনিভাবে অতিরিক্ত ২০০ টাকা করে নেওয়া হচ্ছে এবং সেই অর্থ বিদ্যালয়ের খাতায় জমা না দিয়ে আত্মসাৎ করা হচ্ছে। শুধু তাই নয়, মিড-ডে মিলের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে চরম অনিয়ম চলছে বলে অভিযোগ, যেখানে পুষ্টিকর খাবারের বদলে নামমাত্র খাবার দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই দুর্নীতি চালিয়ে যাওয়ার অভিযোগ তুললেও, প্রধান শিক্ষক উজির আলি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।