হালিশহরে পুলিশি হেফাজতে যুবকের রহস্যমৃত্যু, সিআইডির পদক্ষেপে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
হালিশহর থানার লক আপে বিরজু কেয়ট নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের নির্দেশে সিআইডি তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে লক আপে মারধরের কারণে যুবকের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হলেও, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনও মেলেনি। এই ঘটনায় সিআইডি আধিকারিকরা ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী পুলিশ অফিসারসহ সংশ্লিষ্ট অন্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছেন। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতেই রাজ্য সরকারের এই সিআইডি তদন্তের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ায় রাজ্য সরকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন মৃতের পরিবার। বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসের দাবি, এই ঘটনায় ন্যায়বিচারের প্রতি সরকারের দায়বদ্ধতা প্রমাণিত হয়। অন্যদিকে মৃতের স্ত্রী জেনি শর্মা কেয়ট কেবল দোষী পুলিশ অফিসারদের সাসপেনশন নয়, তাঁদের উপযুক্ত ও কঠোর শাস্তির জোরালো দাবি জানিয়েছেন। পরিবারের একটাই আশা, তদন্তের মাধ্যমে যেন প্রকৃত সত্য দ্রুত সামনে আসে।