অন্নপূর্ণা যোজনায় ঐতিহাসিক সিদ্ধান্ত, বরাদ্দ বাড়ল হাজার হাজার কোটি টাকা!
বার্তা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের সমস্ত যোগ্য মহিলাদের অন্তর্ভুক্ত করতে বিশাল সিদ্ধান্ত নিল প্রশাসন। অতিরিক্ত আবেদনকারীর কথা মাথায় রেখে এই প্রকল্পের বার্ষিক বাজেট ৩৬,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪৮,০০০ কোটি টাকা করার ঘোষণা করা হয়েছে। সরকারের লক্ষ্য, কোনও প্রকৃত যোগ্য উপভোক্তা যেন আর্থিক সাহায্য থেকে বঞ্চিত না হন। ইতিমধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অনুমোদন দেওয়া হয়েছে এবং আরও লাখ লাখ আবেদন যাচাইয়ের প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
প্রশাসনিক তথ্য অনুযায়ী, উপভোক্তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে, যার সিংহভাগ ইতিমধ্যেই খতিয়ে দেখা সম্পন্ন হয়েছে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা পৌঁছানোর ব্যবস্থা করার পাশাপাশি, বাদ পড়া মহিলাদের জন্য খুব শীঘ্রই নতুন পোর্টাল চালু করা হচ্ছে। তবে একই সঙ্গে আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের এই সুবিধা না নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।