বাংলার ক্রীড়াবিদদের জন্য বড় সুখবর, মাসিক অনুদান ঘোষণা শুভেন্দুর!

বার্তা ডেস্কঃ

রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজাতে এবং কৃতী ক্রীড়াবিদদের সম্মানিত করতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত ‘শ্যামা প্রসাদ মুখার্জি ক্রীড়া সহায়তা প্রকল্প’-এর মাধ্যমে এখন থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়া সংস্থাগুলিকেও সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করা হবে। নতুন এই নীতির অধীনে অলিম্পিক্সে সোনাজয়ীদের ১ কোটি, রুপোজয়ীদের ৭৫ লক্ষ এবং ব্রোঞ্জজয়ীদের ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া এশিয়ান গেমস, কমনওয়েলথ ও বিশ্বচ্যাম্পিয়নশিপের পদকজয়ীদের জন্যও থাকছে বিশেষ মোটা অঙ্কের পুরস্কারের ব্যবস্থা।

পাশাপাশি জাতীয় গেমস ও চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জনকারী বাংলার ক্রীড়াবিদদেরও বিপুল অঙ্কের আর্থিক পুরস্কারে ভূষিত করা হবে। শুধু নতুন প্রতিভাই নয়, দেশের প্রতিনিধিত্ব করা রাজ্যের প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’। এই বিশেষ প্রকল্পের আওতায় যোগ্য ক্রীড়াবিদরা রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। ক্রীড়া পরিকাঠামোর বিকাশ এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে রাজ্য সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ ক্রীড়াজগতে এক নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *