রামায়ণের শুটিংয়ের মাঝে রণবীর ও দীপিকার নতুন চমক!
বার্তা ডেস্কঃ
‘রামায়ণ’ নিয়ে তোলপাড়ের মধ্যেই ভক্তদের জন্য জোড়া সুখবর নিয়ে এলেন রণবীর কাপুর। অয়ন মুখার্জির বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র ২’-এর প্রস্তুতি শুরু হয়েছে, যেখানে শিব ও দেব— এই দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ পার্ট ২’-এর শুটিং শেষ করেই তিনি নতুন এই প্রজেক্টে হাত দেবেন। ছবিতে ‘ইশা’ চরিত্রে ফিরছেন আলিয়া ভাট। পাশাপাশি খবর রয়েছে, নতুন যুক্ত হওয়া ‘অমৃতা’ চরিত্রের জন্য দীপিকা পাডুকোনের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন অয়ন ও তাঁর টিম। যদিও দীপিকার অন্তর্ভুক্তি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও এই গুঞ্জন সিনেমাপ্রেমীদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি করেছে।
বর্তমানে নীতেশ তিওয়ারির বিগ বাজেট সিনেমা ‘রামায়ণ’-এর কাজে ব্যস্ত রণবীর, যেখানে সাই পল্লবী, রবি দুবে এবং যশকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। নমিত মালহোত্রা প্রযোজিত ভারতের সবচেয়ে ব্যয়বহুল এই ছবির দুই পর্ব মিলিয়ে বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা। ‘রামায়ণ’-এর প্রথম পর্ব এ বছরের দিওয়ালিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে রণবীরকে। ‘ব্রহ্মাস্ত্র ২’ প্রথম পর্বের চেয়েও বড় পরিসরে জাঁকজমকপূর্ণভাবে পর্দায় তুলে ধরার প্রস্তুতি চলছে।