যাদবপুরে রণক্ষেত্র পরিস্থিতি, ক্যাম্পাসে উত্তেজনার পারদ তুঙ্গে!
বার্তা ডেস্কঃ
সাধারণ সভা বা জেনারেল বডি (GB) মিটিংকে কেন্দ্র করে বুধবার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বামপন্থী ছাত্র সংগঠন এবং এবিভিপি-র (ABVP) সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে চরম আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে।
এবিভিপি-র অভিযোগ, নির্বাচিত ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও বেআইনিভাবে এই মিটিং ডাকা হয়েছে। অন্যদিকে, বাম সংগঠনগুলির দাবি, এবিভিপি ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়ে ক্যাম্পাসের শান্ত পরিবেশ বিনষ্ট করেছে। খবর পেয়ে রাতে যাদবপুর থানায় পৌঁছান স্থানীয় বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায় এবং আহতদের নিয়ে দোষীদের শাস্তির দাবিতে সরব হন। পাশাপাশি, এবিভিপি সমর্থকরাও থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
এই ঘটনার জেরে বৃহস্পতিবার পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবিভিপি-র পক্ষ থেকে বেলা ১১টায় ‘যাদবপুর চলো’ অভিযানের ডাক দিয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পালটা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বাম সংগঠনগুলিও। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় কড়া নজরদারির পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে।