কলকাতার ‘ঢাকা’য় অগ্নিকাণ্ড! প্রাণভয়ে দৌড়, প্রশ্নের মুখে পরিষেবা
বার্তা ডেস্কঃ
মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট ও রফি আহমেদ কিদোয়াই রোড এলাকাটি ‘কলকাতার ঢাকা’ নামেও পরিচিত। সত্তরের দশক থেকেই চিকিৎসা, ব্যবসা ও নানা প্রয়োজনে বাংলাদেশে আসা বহু নাগরিক এখানে থাকেন। প্রায় দেড় হাজারের বেশি ছোট-বড় হোটেলে ৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে ঘরের ব্যবস্থা থাকলেও পরিষেবা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের।
সম্প্রতি ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডের পর এখানকার আবাসন ও পরিষেবা নিয়ে চরম ক্ষোভ উগরে দিয়েছেন সেখানে থাকা বাংলাদেশি অতিথিরা। কয়েকজন পর্যটকের অভিযোগ—জল ও এসি-র সমস্যা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং কিছু ক্ষেত্রে কর্মীদের দুর্ব্যবহার সহ্য করেই তাঁদের থাকতে হয়। এর পাশাপাশি হোটেলগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও মারাত্মক প্রশ্ন উঠেছে।
অবশ্য স্থানীয় হোটেল মালিক ও পরিচালকদের একাংশ এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, বাজেটের ওপর নির্ভর করেই পরিষেবা দেওয়া হয় এবং সমস্ত বিষয়টি পরিষ্কার করেই ঘর ভাড়া দেওয়া হয়। তবে বিষয়টি নজরে আসার পর রাজ্যের দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, ওই এলাকার হোটেলগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
বাংলাদেশের সাম্প্রতিক নানা অস্থিরতা ও ভিসা জটিলতার মন্দা কাটিয়ে যখন সবে হোটেল ব্যবসা কিছুটা ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই এই অগ্নিকাণ্ড ও পরিষেবার অভাব নিয়ে বিতর্ক ব্যবসায়ীদের কপালে নতুন চিন্তার ভাঁজ ফেলেছে। সার্বিক পরিস্থিতি ও ব্যবসা কীভাবে সামলানো হবে, তা নিয়ে খুব শীঘ্রই বৈঠকে বসছেন স্থানীয় ব্যবসায়ী সমিতি।