৩৫ বছর পর ইতিহাস! বঙ্গভবনে মির্জা ফখরুল, বড় জয় পেল বিএনপি

বার্তা ডেস্কঃ

ঢাকা: দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক অধ্যায়ের পর এই প্রথম জাতীয় সংসদে সরাসরি প্রতিদ্বন্দিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ২৫৫টি ভোট পেয়ে জয়যুক্ত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮টি ভোট। এই জয়ের মাধ্যমে তিনি বিদায়ী ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থলাভিষিক্ত হয়ে বঙ্গভবনের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।

উল্লেখযোগ্য যে, চলতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। সরকার গঠনের ঠিক ছয় মাসের মাথায় অনুষ্ঠিত হলো এই ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন।

বৃহস্পতিবার দুপুর ২টো থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে কড়া নিরাপত্তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ শুরু হয়। প্রথম দফায় ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা তাদের গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। ভোটগ্রহণ শেষ হতেই সংসদ কক্ষেই শুরু হয় গণনা।

গত তিন দশকেরও বেশি সময় পর জাতীয় সংসদে এমন প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই জয়কে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *