যাদবপুর তাণ্ডবে বিজেপি বিধায়ককে তীব্র আক্রমণ দীপ্সিতার, আপদ সরিয়ে বিপদের রাজনীতি!

বার্তা ডেস্কঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক চরম অশান্তির ঘটনার পেছনে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং দক্ষিণ কলকাতার বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের সরাসরি উস্কানি রয়েছে বলে মারাত্মক অভিযোগ তুলেছেন বাম ছাত্রনেত্রী দীপ্সিতা ধর। বিজেপিকে ভোট দিয়ে সাধারণ মানুষ ‘আপদ সরিয়ে বিপদ ডেকে এনেছে’ উল্লেখ করে তিনি বলেন, বিধায়কের প্ররোচনাতেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত তাণ্ডব ও হামলা চালানো হয়েছে। জেনারেল বডি (জিবি) মিটিং নিয়ে বিধায়কের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে দীপ্সিতা স্পষ্ট জানান, ছাত্র রাজনীতির অভিজ্ঞতা না থাকায় তিনি সাধারণ সভার গুরুত্ব বোঝেন না। শুরু থেকেই এবিভিপি এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে পণ্ড করতে ঝামেলা তৈরি করেছে বলে তিনি সুর চড়ান।

বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের হামলা, ছাত্রী নির্যাতন এবং অরবিন্দ ভবনে আগুন লাগানোর চেষ্টার কড়া সমালোচনা করে তিনি এই ঘটনাকে যাদবপুরের ইতিহাসে নজিরবিহীন কদর্য আক্রমণ বলে বর্ণনা করেন। দীপ্সিতার মতে, মুক্তচিন্তা, বিতর্ক এবং প্রশ্ন তোলার সংস্কৃতিকে ভয় পায় বলেই যাদবপুরকে বারবার হিংসার মাধ্যমে টার্গেট করছে বিজেপি। বাম ছাত্রনেত্রীর স্পষ্ট বার্তা, প্রতিবাদী তরুণ সমাজকে ‘দিমাগি নকশাল’ কিংবা নানা কুৎসিত তকমা দিয়ে মেরুকরণের চেষ্টা করা হলেও ক্ষুদিরাম, সূর্য সেন ও প্রীতিলতার বাংলায় সাভারকরের কোনো জায়গা অতীতেও ছিল না এবং ভবিষ্যতেও হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *