১ অক্টোবর থেকে এসবিআইয়ের নিয়মে বড় বদল, আপনার পকেটে কি টান পড়বে?
বার্তা ডেস্কঃ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (বিএসবিডি) অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য ১ অক্টোবর ২০২৬ থেকে লেনদেনের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন এই অ্যাকাউন্টে মাসে চারটি ক্যাশ উইথড্রয়াল বিনামূল্যে পাওয়া যেত এবং ডিজিটাল লেনদেনকে এই সীমার বাইরে রাখা হতো। নতুন নিয়ম কার্যকর হলে ব্যাঙ্কের শাখা, নিজস্ব বা অন্য ব্যাঙ্কের এটিএম থেকে নগদ টাকা তোলার পাশাপাশি যেকোনো ডিজিটাল ট্রানজাকশনও ওই চারটি বিনামূল্যের লেনদেনের হিসাবের অন্তর্ভুক্ত করা হবে। ফলে মাসের শুরুতেই একাধিক ডিজিটাল লেনদেন করে ফেললে বিনামূল্যে এটিএম থেকে নগদ টাকা তোলার সুযোগ দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
গ্রাহকদের নির্দিষ্ট চারটি বিনামূল্যের লেনদেনের সীমা পেরিয়ে গেলেই পরবর্তী প্রতি অতিরিক্ত ক্যাশ উইথড্রয়ালের জন্য ১৫ টাকা চার্জ দিতে হবে, যার সঙ্গে অতিরিক্ত জিএসটি যুক্ত হবে। সাধারণ মানুষের সুবিধার্থে ন্যূনতম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা ছাড়াই এবং বিনামূল্যে রুপে ডেবিট কার্ডের সুবিধাসহ এই বিশেষ অ্যাকাউন্ট পরিষেবা দেওয়া হয়। তবে চেক বইয়ের সুবিধাহীন এই অ্যাকাউন্টে ডিজিটাল ও ক্যাশ উইথড্রয়াল একসঙ্গে গণনা করায় সাধারণ গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে এখন থেকে বাড়তি সতর্কতা ও হিসাব বজায় রাখতে হবে।