যাদবপুরে আন্দোলন নাকি তাণ্ডব? আন্দোলনের বলি নন্দলাল বসুর ঐতিহাসিক শিল্পকর্ম!

বার্তা ডেস্কঃ

যাদবপুর: ছাত্র আন্দোলনের নামে চরম তাণ্ডব ও সংঘাতের সাক্ষী থাকল ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাম ছাত্র সংগঠন এবং এবিভিপি (ABVP)-র মুখোমুখি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল ক্যাম্পাস চত্বর। এই হিংসার বলিকানে এসে ভেঙে পড়ল বিশ্ববিদ্যালয়ের গেটে থাকা ঐতিহাসিক লোহার প্রতীক, যার নকশা তৈরি করেছিলেন প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু। সেই ঐতিহ্যবাহী স্মারক মাটিতে পড়ে পদদলিত হওয়ার দৃশ্য দেখে ক্ষোভ ও লজ্জায় মাথা নত বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া, অধ্যাপক এবং প্রাক্তনীদের।

ঘটনার সূত্রপাত বুধবারের জেনারেল বডি (GB) মিটিংকে কেন্দ্র করে। দফায় দফায় মারামারি, ক্যাম্পাসের গেটে তালা, এমনকী আগুন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার বাম সংগঠন (SFI, AIDSO) ও এবিভিপি—দুই পক্ষই আলাদা মিছিল ও জমায়েতের ডাক দিলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। গোলপার্ক ও ৮বি বাসস্ট্যান্ড থেকে আসা দুই গোষ্ঠীর মিছিল আটকাতে পুলিশ ও র‍্যাফ (RAF) মোতায়েন করা হয়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, গার্ডরেল ধরে টানাটানি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের বাইরে ইট, ডিম ও জলের বোতল ছোঁড়ার ঘটনা ঘটে। চরম উত্তেজনার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনীকেও।

পরপর দুই দিনের এই অনভিপ্রেত ঘটনা প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানান, পুরো পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনে ‘পুলিশ আউট পোস্ট’ বসানো এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা ভাবা হচ্ছে। গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট রাজ্যপাল (আচার্য) ও উচ্চশিক্ষা দফতরে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *