জেলযাত্রা ও চেক বাউন্স বিতর্ক, বিপাকে রাজপাল যাদব!

বার্তা ডেস্কঃ

একাধিক চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়িয়ে বারবার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে জনপ্রিয় বলিউড অভিনেতা রাজপাল যাদবকে। এমন কি, কিছুদিন জেলেও কাটাতে হয়েছে তাঁকে। তবে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও কটূক্তিকারীদের কড়া জবাব দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে রাজপাল যাদব সাফ জানিয়ে দিয়েছেন, টাকার জোরে তাঁকে কেনা যাবে না এবং কোনো আর্থিক বিবাদ দিয়ে তাঁর দীর্ঘ অভিনয় ক্যারিয়ার পরিমাপ করা অনুচিত। ক্যারিয়ারের এই খারাপ সময়েও নিজের জনপ্রিয়তায় বিন্দুমাত্র চিড় ধরেনি দাবি করে অভিনেতা জানান, আজও বিমানবন্দরে প্রতিদিন শত শত মানুষ তাঁর সঙ্গে সেলফি তুলতে আসেন।

নিজের কাজের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে অভিনেতা প্রতিশ্রুতি দেন যে, বিগত ৩০-৪০ বছরের ক্যারিয়ারে কারও পাওনা বাকি থাকলে তা তিনি দ্রুত মিটিয়ে দেবেন। জুলাই মাসে দিল্লি হাইকোর্ট রাজপাল যাদব ও তাঁর স্ত্রী রাধা যাদবের সাজা বহাল রাখায় তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। কয়েক দিন কারাভোগের পর বকেয়া অর্থের একটি অংশ পরিশোধ করে তিনি ছাড়া পান। রাজপাল যাদব স্পষ্ট জানান, তিনি অসৎ পথ অবলম্বন করেননি এবং ঘুরে দাঁড়াতে আরও সময় লাগলেও তিনি হেরে যাননি। আগামীতে নিজের কাজ দিয়ে তিনি আবার দর্শকের মন জয় করে নেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *