জলাবদ্ধতামুক্ত নতুন হাওড়া স্টেশন, নজিরবিহীন উদ্যোগ রেল ও পুরনিগমের!

বার্তা ডেস্কঃ

বর্ষার দিনে হাওড়া স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা দূর করতে বড় পদক্ষেপ করল পূর্ব রেল এবং হাওড়া পুরনিগম। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশনায় আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে দুই প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এক যৌথ রূপরেখা তৈরি করেছেন। হাওড়া পুরনিগমের কমিশনার তেজস্বী রানা এবং পূর্ব রেলের ডিআরএম বিশাল কাপুরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্টেশন চত্বরের নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মূলত লিমিটেড হাইট সাবওয়ে এলাকায় জল জমার সমস্যা ঠেকাতে রেল ও পুর প্রশাসনের আধিকারিকরা যৌথভাবে এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন। ময়নাকপাড়া ও গোলাবাড়ির মতো জনবহুল এলাকার পাম্পিং স্টেশনগুলির কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি অনলাইন স্বয়ংক্রিয় পাম্পিং মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এখন থেকে রিয়েল-টাইমে জলস্তর পর্যবেক্ষণ করা হবে।

নাগরিকদের চরম স্বস্তি দিতে বালি, ডবসন রোড, চার্চ রোড, চাঁদমারি ব্রিজ এবং টিকিয়াপাড়ার মতো জলমগ্ন হওয়ার ঝুঁকিতে থাকা নির্দিষ্ট এলাকাগুলির সমস্যা সমাধানেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সময় যাতে নিকাশি ব্যবস্থা ভেঙে না পড়ে, তার জন্য রানি ঝিল, বামনগাছি এবং লিলুয়ার পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়েছে। নিকাশি নালাগুলি নিয়মিত পরিষ্কার রাখা, প্লাস্টিক ও জঞ্জাল অপসারণ এবং সংবেদনশীল জল নির্গমনস্থলগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারির অভিনব পরিকল্পনাও গৃহীত হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, এই সমন্বিত উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে আগামী দিনে ভারী বৃষ্টির সময় রেলযাত্রী ও স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার অভিশাপ থেকে স্থায়ী মুক্তি পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *