আয়ুষ্মান কার্ডে পরিষেবা পাচ্ছেন না? ৫ মিনিটেই করুন অভিযোগ!
বার্তা ডেস্কঃ
রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প, যার মাধ্যমে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৯৩০টি হাসপাতালে মিলবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ। এই সুবিধার আওতায় আসতে চলেছেন প্রায় দেড় কোটি পরিবার। তবে কোনো হাসপাতাল যদি পরিষেবা দিতে অস্বীকার করে, তবে গ্রাহকরা সহজেই মোবাইল ফোনের মাধ্যমে সরকারি গ্রিভ্যান্স পোর্টালে লগইন করে নিজেদের অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগ জানানোর সময় আয়ুষ্মান কার্ড নম্বর, হাসপাতালের নাম এবং সংক্ষিপ্ত বিবরণী সহ প্রয়োজন অনুযায়ী প্রেসক্রিপশন বা রসিদের ছবি আপলোড করতে হবে।
যাঁদের কাছে স্মার্টফোন বা ইন্টারনেট পরিষেবা নেই, তাঁরা ২৪ ঘণ্টা চালু থাকা ১৪৫৫৫ টোল-ফ্রি নম্বরে কল করে সরাসরি নিজেদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন। জমা পড়া আবেদনটি সাথে সাথেই জেলা, রাজ্য ও জাতীয় স্তরের টিমের কাছে পৌঁছে যায় এবং সংশ্লিষ্ট হাসপাতালের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে হাসপাতালের বিরুদ্ধে নেওয়া হতে পারে কঠোর প্রশাসনিক ব্যবস্থা। উল্লেখ্য, এই প্রকল্পের পূর্ণ সুবিধা পাওয়ার জন্য এবং যেকোনো জরুরি সহায়তার ক্ষেত্রে রোগীদের সঙ্গে আধার বা অন্যান্য পরিচয়পত্র, মোবাইল নম্বর, চিকিৎসকের প্রেসক্রিপশন ও আগের মেডিকেল রিপোর্ট সাথে রাখা অত্যন্ত জরুরি।