চিনির দামে নাভিশ্বাস দেশবাসীর, অবশেষে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র!
বার্তা ডেস্কঃ
দেশের বাজারে চিনির লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। প্রায় এক দশক পর ফের বিদেশ থেকে চিনি আমদানির চিন্তাভাবনা শুরু হয়েছে। মূলত ইথানল উৎপাদনে আখের রসের ব্যবহার বৃদ্ধি এবং অনিয়মিত বর্ষার কারণে আখের ফলন কম হওয়ায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। এই ঘাটতি মেটাতে এবং উৎসবের মরশুমে দাম নিয়ন্ত্রণে রাখতে শুল্কমুক্তভাবে প্রায় ১০ লক্ষ টন চিনি আমদানির প্রাথমিক পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রের খবর।
বর্তমানে মহারাষ্ট্রের মতো প্রধান উৎপাদন কেন্দ্রগুলিতে চিনির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। খুচরো বাজারে প্রতি কেজি চিনির দাম ৬০ টাকার গণ্ডি ছাড়িয়েছে, যা সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে বড় প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পুজোর আগে আমদানির মাধ্যমে সরবরাহ স্বাভাবিক করা গেলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। তবে ইথানল উৎপাদন ও চিনি চাহিদার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই আগামী দিনে সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।