অবিলম্বে FIR চাই! সংসদ মার্গ থানার বাইরে ধর্নায় রাহুল গান্ধী
বার্তা ডেস্কঃ
দিল্লির সংসদ মার্গ থানার বাইরে ধর্নায় বসেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যন্তর মন্তরে আন্দোলন চলাকালীন পুলিশের ছররা গুলিতে আহত সাহিল লোহবচ নামে এক ছাত্রকে সঙ্গে নিয়ে তিনি থানায় পৌঁছান এবং পুলিশের বিরুদ্ধে অবিলম্বে FIR দায়েরের দাবি জানান। পাশাপাশি, পেলেট গান ব্যবহারের তদন্ত কত দূর এগিয়েছে তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তাদের কাছে জবাব চান তিনি।
অভিযোগ উঠেছে, সংসদ মার্গ থানা পুলিশ এই বিষয়ে FIR নিতে অস্বীকার করে। এর পরই থানার বাইরে ধর্নায় বসে পড়েন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে রণদীপ সিং সূর্যেওয়ালা ও কুমারী সেলজাসহ বেশ কয়েক জন বর্ষীয়ান কংগ্রেস নেতাও প্রতিবাদে যোগ দেন। ঘটনার ফলে থানা প্রাঙ্গণে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং ভিড় সামলাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
উল্লেখযোগ্য যে, এর আগেও যন্তর মন্তরে বিতর্কিত ঘটনার জেরে আহত শিক্ষার্থীদের পক্ষে সুর চড়িয়েছিলেন রাহুল গান্ধী। সংসদেও এই নিয়ে সরকারের জবাবদিহি দাবি করা হয়েছিল। থানার বাইরে এই ধর্নার মাধ্যমে রাহুলের লক্ষ্য প্রশাসন তথা কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বৃদ্ধি করা, যা নতুন করে রাজনৈতিক শোরগোল তৈরি করেছে।