হরমুজ প্রণালীতে রকেট হামলা, মৃত্যুমুখ থেকে ফিরে এলেন সাহসী ভারতীয় নাবিকেরা!

বার্তা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালায় ইরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পস। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, রকেটচালিত গ্রেনেড হামলার মুখে পড়ে চরম আতঙ্কের মধ্যে জাহাজের ভেতরে আশ্রয় নিচ্ছেন নাবিকেরা। জাহাজটিতে থাকা ২১ জন ভারতীয় নাবিক একটুর জন্য প্রাণে বাঁচলেও এই সংঘাতময় অঞ্চলে এ পর্যন্ত ১০ জন নাবিকসহ মোট ১৬ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তায় ওই ঝুঁকিপূর্ণ জলপথে নতুন নিয়োগ বন্ধ করার কড়া নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক।

পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্ত নাবিকদের দ্রুত উদ্ধারকাজ শুরু করে ভারত সরকার। বিশেষ কন্ট্রোল রুমের মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখে বিপজ্জনক উপসাগরীয় অঞ্চল থেকে ইতোমধ্যেই ৩,৯৭২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া নিহত নাবিকদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি’। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আটকে পড়া নাগরিকদের সুরক্ষায় মধ্যপ্রাচ্যসহ সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *