ভাঙড় বিস্ফোরণ কাণ্ড: শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএ, আইনি কোপে তৃণমূল বিধায়ক!

বার্তা ডেস্কঃ

ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের বহুল আলোচিত বোমা বিস্ফোরণ মামলায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ওপর আইনি খাঁড়া আরও নামল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র বিশেষ আদালতে আবেদন মঞ্জুর হওয়ার পর তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা কঠোর ইউএপিএ ধারা যুক্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, নির্বাচনের আগে এলাকায় অশান্তি ছড়ানোর অসৎ উদ্দেশ্যে সংঘটিত এই বিস্ফোরণের নেপথ্যে মূল চক্রান্তকারী এবং প্রধান পলাতক অভিযুক্ত হিসেবে শওকত মোল্লার নাম জোরালোভাবে উঠে এসেছে।

রাজ্য পুলিশের হাত থেকে মামলার তদন্তভার নেওয়ার পর দীর্ঘ অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য হাতে পায় এনআইএ। গত জুন মাসে কলকাতার চিংড়িঘাটা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে তাঁকে ধরতে একাধিকবার চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। তদন্তে প্রকাশ পেয়েছে, বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি অপরাধের সমস্ত প্রমাণ লোপাট করার নির্দেশও দিয়েছিলেন এই প্রভাবশালী রাজনৈতিক নেতা। বিশেষ আদালতের এই নতুন পদক্ষেপে তাঁর আইনি লড়াই যে আরও কঠিন হয়ে উঠল, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *