অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় উত্তাল মেদিনীপুর, ঘেরাও অগ্নিমিত্রা পাল!
বার্তা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না ঢোকায় রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ। পূর্ব বর্ধমান, হুগলি, জলপাইগুড়ি, পুরুলিয়া এবং আসানসোলের মতো একাধিক জেলায় প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে একাধিক আন্দোলনকারী মহিলা ঢুকে সরাসরি বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে বৈঠকের মাঝপথেই নিচে নেমে আসতে বাধ্য হন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
বিক্ষোভের মুখে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, প্রায় ২ কোটি মহিলার ফর্ম আপলোড করার প্রক্রিয়া চলমান থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে, তবে যোগ্য প্রতিটি মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন। একই সাথে তিনি অভিযোগ করেন যে, এই গণ্ডগোলের নেপথ্যে তৃণমূলের উস্কানি রয়েছে এবং অযোগ্যদের সুবিধা পাইয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানো হচ্ছে এবং অনলাইন পোর্টালে আবেদনের আপডেট দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।